ভৈরব রেলওয়ে জংশনে সংঘটিত সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, আজ(সোমবার) উপজেলার পঞ্চবটী এলাকা থেকে মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ভৈরব রেলওয়ে জংশন এলাকায় সংঘটিত ঘটনায় রেলওয়ে স্থাপনায় ভাঙচুর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
ওসি সাঈদ আহমেদ বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন ভিডিও ফুটেজ, ছবি ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হচ্ছে। যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, ভৈরব রেলওয়ে জংশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে মামলায় আরও গ্রেফতার হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
এদিকে, ঘটনার পর থেকে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করা হবে।
পড়ুন:কুড়িগ্রামে সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি
দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |
ইমি/


