মাদক, চুরি-ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর ডাঙ্গাপাড়ার এলাকাবাসী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। এর ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) বিকেলে এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া অভিযোগে এলাকাবাসী দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবন, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। এমনকি গরু-ছাগল, হাঁস-মুরগি, ফলমূল ও আবাদি ফসল চুরির ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তারা।।
অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে মাদক বিক্রি, সেবন ও চোরাই কারবারে জড়িত থাকার দাবি করা হয়েছে। পাশাপাশি প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সৈয়দপুর থানা ও নীলফামারী ডিবি কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দক্ষিণ নিয়ামতপুর ডাঙ্গাপাড়ায় এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ হয়। আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, এবং ইউপি নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুজ্জামান, মোমিনুল ইসলাম ও বাদল চৌধুরী
এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকাত হায়াত শাহ, নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি জাহাঙ্গীর আলম,স্থানীয় বাসিন্দা মাহমুদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
বক্তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজ ও পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. রেজাউল করিম রেজা মাদকবিরোধী কার্যক্রমে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ থেকে মাদক ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পড়ুন:যানজটের শহরে স্বস্তির উদ্যোগ, হকারদের জন্য ইউএনও,র নির্ধারিত ৯৮ স্থান
ইমি/


