সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান উল্লাপাড়া উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, ওষুধ সরবরাহ, খাবারের মান ও পরিমাণসহ সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি রফিকুল ইসলাম খান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন। রোগীরা নিয়মিত ও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন কি না, ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তি হচ্ছে কি না-এসব বিষয় তিনি রোগীদের কাছ থেকেই জানতে চান।
এ সময় তিনি রোগীদের খাবার সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন। হাসপাতালের রান্নাঘর ও খাবারের মান পরিদর্শন করে তিনি রান্নার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। রোগীদের খাবারের মান ও পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেন।
এ সময় এমপি রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট। হাসপাতালটিকে ১৫০ শয্যায় উন্নীত করার জন্য জাতীয় সংসদে আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ১৫০ শয্যার পরিবর্তে ১০০ শয্যায় উন্নীত করার অনুমোদন হয়েছে।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেন। তিনি রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি ওষুধ, খাবার, ভর্তি কার্যক্রম, পরিচ্ছন্নতা ও হাসপাতালের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন: সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
আর/


