ঢাকার ধামরাইয়ে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম এবং প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না থাকার অভিযোগে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ছয়টি হাসপাতালকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মো. জাকারিয়া মাহমুদের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়ার ফাহিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহামিদুল হক তিতাসসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে আলাউদ্দিনস হাসপাতালকে ৫০ হাজার, হারুন জেনারেল হাসপাতালকে ২০ হাজার, সেবা হাসপাতালকে ৩০ হাজার, পপুলার-২ হাসপাতালকে ৫০ হাজার, আল-মদিনা হাসপাতালকে ৫০ হাজার এবং ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় লাইসেন্স, অনুমোদন ও কাগজপত্র না থাকায় ইসলামপুর এলাকার তিনটি এবং কালামপুর এলাকার একটি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং সিভিল সার্জনের ছাড়পত্র পাওয়ার পর প্রতিষ্ঠানগুলো পুনরায় কার্যক্রম চালু করতে পারবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রোগীদের আর্থিক ও স্বাস্থ্যগত ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সরকারি হাসপাতালের আশপাশে গড়ে ওঠা অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতালগুলো নানা প্রলোভনে রোগীদের আকৃষ্ট করে। এতে রোগীরা মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
পড়ুন:দুই দেশের সীমান্তে ৩০ ঘণ্টা ধরে অসহায় এক নারী!
ইমি/


