চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে ছিন্নমূলের অলংকার শাখার বৌদ্ধমন্দির সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি এলজি, একটি পিস্তল ও একটি পাইপগান।
পুলিশ জানায়, ছিন্নমূলের পাথরিঘোনা এলাকার বাসিন্দা এজাহার হোসেন (৫২) ও মোহাম্মদ শাকিল (২৫) পাহাড়ি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো দেখতে পান। পরে তাঁরা বিষয়টি এস এম পাইলট উচ্চবিদ্যালয় পুলিশ ক্যাম্পকে জানান। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেন। পরে সেগুলো সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। কারা সেখানে অস্ত্রগুলো রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগের দিন বুধবার জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিনের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের গ্রেপ্তারের একদিন পর একই এলাকায় চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ সাড়ে ৪ লাখ টাকার অবৈধ মালামাল আটক


