ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পাঁচ বছরের শিশু রাফির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার আজমপুর কড়ইগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি আজমপুর গ্রামের হাবিব ও রানু দম্পতির সন্তান।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে আজমপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সুলতানপুরের দিকে যাচ্ছিল। পথে কড়ইগাছতলা এলাকায় রাস্তার পাশে থাকা শিশু রাফি হঠাৎ অটোরিকশার সামনে চলে আসে। এ সময় অটোরিকশার ধাক্কায় সে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্যরা বিকেল সাড়ে তিনটার দিকে রাফিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অর্থোপেডিক ওয়ার্ডে তার মৃত্যু হয়। বর্তমানে শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন দুর্ঘটনা ও শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন : সৈয়দপুরে আদালতের রায় পাওয়া জমিতে গিয়ে হামলার অভিযোগ, আহত ৫


