২ কোটি ১২ লাখ টাকা আত্মসাৎ: বাথরুমের ফলস সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হয়নি প্রতারকের

ওমরাহ হজযাত্রীদের সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা রবিউল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।

শুক্রবার (২৭ নভেম্বর) পিবিআই নারায়ণগঞ্জ জেলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

পিবিআই জানায়, গত ২৪ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন কলোনি মাঠসংলগ্ন ইয়াদ আলী পার্কের সামনে ফিনলে আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ফ্ল্যাটের বাথরুমের ফলস সিলিংয়ের নিচে লুকিয়ে থাকা অবস্থায় রবিউলকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের দৈলেরবাগ এলাকার ‘রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী আল আমিনের সঙ্গে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট সরবরাহের চুক্তি করেন ছয় ব্যক্তি। চুক্তি অনুযায়ী সৌদি এয়ারলাইনসের টিকিট দেওয়ার কথা বলে ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি হয়।

২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে রবিউলের হিসাবে ১ কোটি ৯৫ লাখ ৮৭০ টাকা দেন ভুক্তভোগী। তবে চুক্তি অনুযায়ী টিকিট সরবরাহ না করে প্রতারণার আশ্রয় নেয় চক্রটি।

অভিযোগ অনুযায়ী, সৌদি এয়ারলাইনসের পরিবর্তে ইউএস-বাংলা এয়ারলাইনসের মাধ্যমে মাত্র ৯ জনের আসা-যাওয়ার টিকিট এবং ৭০ জনের শুধু যাওয়ার টিকিট দেওয়া হয়। ফিরতি টিকিট না পাওয়ায় ওই ৭০ জন যাত্রীকে নিজ খরচে দেশে ফিরিয়ে আনতে আরও ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করতে হয় ভুক্তভোগীকে। এ ছাড়া চুক্তি অনুযায়ী বাকি ১৬৯টি টিকিট সরবরাহ না করায় সব মিলিয়ে তার পাওনা দাঁড়ায় ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা।

পিবিআই আরও জানায়, মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিউলের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে রবিউলের নামে বিভিন্ন ব্যাংকের ৯টি হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাবে টাকা পাঠানোর তথ্যও মিলেছে। আত্মসাৎ করা অর্থ অন্য দেশে পাচার করা হয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখছে পিবিআই।

পিবিআইয়ের দাবি, রবিউলসহ চক্রের সদস্যরা ওমরাহ যাত্রীদের টিকিট দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ছাড়া প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিমান টিকিটের নামে টাকা আত্মসাতের অভিযোগে রবিউলের বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আদালতে আরও আটটি মামলার তথ্য পাওয়া গেছে।

পিবিআই জানিয়েছে, প্রতারক চক্রের অন্য সক্রিয় সদস্যদের গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অর্থের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ধোপাজান নদীর ভাঙনে হুমকিতে কয়েকটি গ্রাম, প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন