প্রখর রোদ আর প্রচণ্ড উত্তাপে নাজেহাল হয়ে পড়েছে যমুনাপারের শহর সিরাজগঞ্জের জনজীবন। বিশেষ করে শ্রমজীবী মানুষ পড়েছেন বেশি বিপাকে। তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। অল্প কাজ করতেই ক্লান্ত হয়ে পড়ছেন, ফলে আয়ও কমে যাচ্ছে।
বুধবার সকাল থেকেই সূর্যের তাপমাত্রা বাড়তে থাকে। দুপুরে সূর্যের রশ্মি যেন আগুন ঝরাতে থাকে। ফলে প্রচণ্ড গরমে মানুষের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে।
শহরের বিপণিবিতানগুলোতেও ক্রেতাদের স্বাভাবিক ভিড় নেই। অন্যদিকে, শহরের বিভিন্ন স্থানে ফুটপাতে বসা শরবতের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। গরমে ক্লান্ত মানুষ শরবত পান করে কিছুটা স্বস্তি নেওয়ার চেষ্টা করছেন।
রিকশাচালকরা জানান, প্রচণ্ড গরমে যাত্রী কমে গেছে। তাই তারা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন। সকাল থেকে তেমন আয়-রোজগারও হচ্ছে না।
তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আমাদের দেশে সাধারণত মার্চ, এপ্রিল ও জুনে তাপমাত্রাটা বেশি থাকে। গতকাল সন্ধ্যায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস। রোদের তীব্রতার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে, ফলে জনজীবন অস্থির হয়ে উঠেছে। আরও দুই থেকে তিনদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
পড়ুন- রামিসা ধর্ষণ ও হত্যা: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক আগামীকাল


