সেপ্টেম্বরে অনুষ্ঠিত আসন্ন এশিয়ান কাপকে সামনে রেখে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দল ঘোষণা করেছে ভারত। একই সঙ্গে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের জন্যও স্কোয়াড প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
শনিবার বিসিসিআইয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দল ঘোষণা করা হয়। নেতৃত্বে পরিবর্তন এনে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক এবং তিলক ভার্মাকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন আইপিএলে ঝড় তোলা তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী।
গত মার্চেই ভারত জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় শিরোপা। যে দলটিকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। ফর্মের কারণে তাকে বাদ দিয়ে নতুন করে দল সাজিয়েছে ভারত। ৩৫ বছর বয়সী সূর্যকুমারকে পুরো স্কোয়াড থেকেই বাদ দেয়া হয়েছে। কারণ বিশ্বকাপেও তার পারফরম্যান্স ভালো ছিল না। ৯ ইনিংসে ২৪২ রান করেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৩৬.৭২। এ ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করেন, গড় ছিল ২০.৭৬ এবং স্ট্রাইক রেট ছিল ১৪৭.৫৪।
এশিয়ান কাপের আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে। তবে এশিয়ান গেমসের দলে ফিরেছেন তিনি।
এশিয়ান কাপের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে আছেন- শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ইশান কিশান, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, শিভম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।
অন্যদিকে এশিয়ান গেমসের ১৬ সদস্যের স্কোয়াডেও নেতৃত্বে থাকছেন শ্রেয়াস আইয়ার। এ দলে মোহাম্মদ সিরাজের পরিবর্তে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। বাকি খেলোয়াড়রা অপরিবর্তীত রয়েছেন।
দীর্ঘদিন পর নেতৃত্বের দায়িত্ব পেয়ে শ্রেয়াস আইয়ারের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নতুন অধিনায়কের অধীনে ভারত এশিয়ান কাপ ও এশিয়ান গেমসে কেমন পারফর্ম করে, সেদিকেই এখন নজর থাকবে সমর্থকদের।
১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে নেয়া হবে। দুর্দান্ত এক আইপিএল মৌসুমে তিনি ৭৭৬ রান করেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৭.৩০। এরই মধ্যে তাকে ভারত ‘এ’ দলে নেয়া হয়েছে। ৯ থেকে ২১ জুন পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন। ওই টুর্নামেন্টে আফগানিস্তানও অংশ নেবে।
ভারত আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি খেলবে ২৬ ও ২৮ জুন। এরপর ১ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

