সামাজিক দায়বদ্ধতা, মানবসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের ছয় বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জি.ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন। মতিগঞ্জ ইউনিয়নস্থ এ সংগঠনটি দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন করে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মীর হোসেন পুলকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইকবাল হোসাঈনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসিম।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবারের প্রতিনিধি ওসমান গনি রাসেল, সোনাগাজী মডেল থানার এসআই আজগর হোসাইন এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোকাররম আলী চৌধুরী সাহাদ।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন, সহ-সভাপতি মোস্তফা আল হোসাইন, ছাইদুল হক সবুজ, স্বপ্নচারী মানবকল্যাণ সোসাইটির জিয়া উদ্দিন হৃদয়সহ সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৯ জুন) সকালে ফাউন্ডেশনের কার্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মানুষের মাঝে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া সংগঠনের কার্যক্রমে নতুন সদস্য যুক্ত করতে ফাউন্ডেশন কার্যালয়ে স্বেচ্ছাসেবক মেলার আয়োজন করা হয়। মেলায় নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি পুরাতন সদস্যদের সদস্য নবায়ন কার্যক্রম সম্পন্ন হয়। বাদ জুমা জিৎপুর জামে মসজিদে সংগঠন ও এলাকাবাসীর কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে বিকেল ৩টা থেকে ফাউন্ডেশনের কার্যালয় থেকে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন। এতে ছিল বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা। সংগঠনের ব্যানার, ফেস্টুন ও টি-শার্ট পরিহিত স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে র্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে ফাউন্ডেশন কার্যালয়ের পাশে অতিথিবৃন্দের বৃক্ষরোপণ করে শেষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণায় অংশ নেন।
“যুব সমাজ ও সামাজিক দায়বদ্ধতা” বিষয়ক আলোচনা সভায় বক্তারা যুবকদের মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠাকালীন সদস্যরা সংগঠনের পথচলার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে সমাজে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় এলাকার ছয়জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— আর এম হাট কে উচ্চ বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাস্টার রেজাউল করিম, বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবদুল হক, জিৎপুর-ভাদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক, জিৎপুর জামে মসজিদের সভাপতি মো. দিদারুল মাওলা, বিশিষ্ট সমাজসেবক কামরুল ইসলাম হুমায়ুন চৌধুরী এবং দৈনিক ফেনীর স্টাফ রিপোর্টার সাহেদ সাব্বির। এছাড়া ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংগঠনের নিবেদিত স্বেচ্ছাসেবক হিসেবে মো. নুর হাসনাত নিলয়, হাসনাত মোবারক মিরণ, লুৎফুর রহমান সৈকত, শাকীক আল যাঈদ ও সাজ্জাদ হোসেন রাহীকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে আয়োজিত চিত্রাঙ্কন, কুইজ, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় জিৎপুর-ভাদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে ১২ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
উল্লেখ্য, জি.ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন (রেজিঃনং- যুবঅ/ফেনী-৭৫) প্রতিষ্ঠার পর থেকে মানবসেবা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

