ভারতের আগ্রাসন, গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ এবং উগ্র হিন্দুত্ববাদী তৎপরতার প্রতিবাদে জামালপুরে তৌহিদী জনতার উদ্যোগে কালেমা খচিত পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ইসলামপুর ও মেলান্দহ উপজেলার চরাঞ্চলজুড়ে এ কর্মসূচি পালিত হয়। তৌহিদী জনতার আয়োজনে ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর জামিয়া মফিজিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ উপজেলার ডেফলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাফেজ লিয়াকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ডিগ্রীরচর জামিয়া মফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু রায়হান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সহ-সম্পাদক শামসুদ্দোহা সজিব এবং চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মাওলানা নাজমুল হুসাইন।
মাওলানা আহামাদউল্লাহ বিন আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা জুলফিকার আলী, মাওলানা আলাউদ্দিন, মাওলানা শাহিনুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চরগোয়ালিনী ইউনিয়ন শাখার আমীর মাওলানা আমিনুর ইসলাম।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের প্রশ্নে জনগণকে সচেতন থাকতে হবে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা ডেফলা সেতুর বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে কালেমা খচিত পতাকা উত্তোলন করেন। এ সময় মিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

