সিরাজগঞ্জ থেকে বগুড়া রেললাইন নির্মাণ প্রকল্পে অধিগ্রহণ হওয়া জমির ক্ষতিপূরণের টাকা তুলতে এসে নানা ধরনের হয়রানি ও দালালচক্রের প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ক্ষতিপূরণের টাকা নিতে আসা অনেককে বিভিন্নভাবে প্রভাবিত করে অর্থ আদায়ের চেষ্টা করে একটি দালালচক্র।
এ ঘটনায় দীর্ঘদিন ধরে দালালি ও প্রতারণার অভিযোগ রয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি এলাকার অসহায় মানুষকে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়ার আশ্বাস দিয়ে ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত অর্থ দাবি করতেন। তিনি বিভিন্ন সময়ে বলতেন, “অফিসে টাকা না দিলে ক্ষতিপূরণের অর্থ উত্তোলন করা যাবে না।” এভাবে তিনি নানা অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের প্রেক্ষিতে গত ২৫ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন অভিযুক্ত মো. আব্দুল রাজ্জাককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পড়ুন : রূপগঞ্জে বৈরাগবাড়ী সরকারী রাস্তা উদ্ধার ও জলাবদ্ধতারোধে মানববন্ধন


