সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপরেখী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এনায়েতপুর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বিদ্যালয়ে যাওয়ার পথে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তার পথরোধ করে হামলা চালায়। এ সময় তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে নির্দিষ্ট কয়েকজনকে অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে তার ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। তিনি সরকারি নীতিমালা অনুযায়ী কমিটির প্রস্তাব জমা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে দাবি করেন।
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা জানান, সরকারি নীতিমালা অনুসরণ করে ম্যানেজিং কমিটির প্রস্তাব জমা দেওয়ার জেরেই প্রধান শিক্ষকের ওপর এ হামলা চালানো হয়েছে। সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে একদল ব্যক্তি তাকে পথরোধ করে পাশের মাঠে নিয়ে কিল-ঘুষি ও লাথি মেরে মারধর করে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম আরো বলেন, ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে তারা দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। সরকারি নীতিমালার বাইরে তাদের পছন্দমতো কমিটি জমা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। কিন্তু আমি সরকারি বিধিমালা অনুসরণ করে কমিটির প্রস্তাব জমা দিই। এরই জেরে সকালে বিদ্যালয়ে আসার পথে তারা আমার ওপর হামলা চালিয়ে মারধর করে।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পড়ুন : ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় চাচা-ভাতিজার ওপর হামলাআসামীদের গ্রেপ্তার দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন


