ঝালকাঠির নলছিটিতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ হটাৎ রিপন (৪৫)নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ব্র্যাক হাউজ আবাসনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নলছিটি থানার এসআই (নিঃ) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর এলাকার জনৈক তুলু মালির বসতঘরে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা, মাদকসেবনের যন্ত্রাংশসহ মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ রিপন হাওলাদার ওরফে ‘হঠাৎ রিপন’ (৪৫) গ্রেপ্তার করা হয়।
এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে কামদেবপুর গ্রামের মৃত মান্নাতের ছেলে মোঃ নাছির উদ্দিন (৫০) সহ জুয়া খেলায় জড়িত আরও ২-৩ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেপ্তার রিপন হাওলাদার নলছিটি উপজেলার মালুহার গ্রামের মৃত আঃ লতিফ হাওলাদের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া পলাতক নাসিরুদ্দিন সুবিদপুর ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে।
এ ঘটনায় রিপনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে নলছিটি থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়ার আসর থেকে আটক রিপন ওরফে হটাৎ রিপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ভারতীয় মাদক ও মালামাল উদ্ধার


