কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আরাবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।
এ ছাড়া বক্তব্য দেন ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল, কৃষক দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান, তাঁতীদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু এবং ওলামা দলের সাধারণ সম্পাদক মইনুদ্দিন চিশতিয়াসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা জেলা ও উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, দলের নেতাদের বিরুদ্ধে এ ধরনের প্রচার সংগঠনের ঐক্য ও শৃঙ্খলার জন্য ক্ষতিকর। এ সময় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন : বড়লেখায় রাস্তা সংকুচিত করার প্রতিবাদে হামলার চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ


