মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে পাঁচ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল গনির বাড়িতে দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা যুবদলের সদস্যসচিব, সমাজসেবক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এ চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে এলাকার পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হন এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সহসভাপতি আব্দুল বাছিত, বিএনপি নেতা ও মেম্বার প্রার্থী আব্দুল গনি, সেজুল আহমদ এবং সাবেক ইউপি সদস্য পারুল বেগম প্রমুখ।
চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ ইকবাল হোসেনের এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ ও মানবিক কাজ। ইকবাল হোসেনের মতো সমাজসেবামূলক কাজে আগ্রহী ব্যক্তিরা এগিয়ে এলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করে।
পড়ুন : শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন সম্পূর্ণ ‘রাজনৈতিক স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর
সা/


