সরকার ও শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি উপেক্ষা করে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ঢাকার ধামরাই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বোর্ড নির্ধারিত ফির বাইরে বিভিন্ন খাতের নাম দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার ১৩৫ টাকা করে আদায় করা হচ্ছে। এমনকি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল গুলোতে ফরম পূরণ বাবদ ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ঐতিহ্যবাহী ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজ, আলহাজ জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়, আব্দুস সুবহান মডেল হাই স্কুল, সূয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজ, ধামরাই আইডিয়াল স্কুল, ধামরাই গার্লস হাই স্কুলসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে ৫ হাজার টাকা বা তারও বেশি অর্থ আদায় করা হচ্ছে । বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুল গুলোতে ১০ থেকে ১২ হাজার টাকা করে নেয়ার অভিযোগ রয়েছে। সন্তানের শিক্ষাজীবন ও পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকটা বাধ্য হয়েই এসব টাকা পরিশোধ করছেন অভিভাবকরা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র ফি ৫১৫ টাকা ও বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা, সর্বমোট ২ হাজার ৪৩৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র ফি ৪৮৫ টাকা এবং বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা, সর্বমোট ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
কিন্তু বোর্ড নির্ধারিত ফির বাইরে কোচিং ফি বাবদ ২ হাজার টাকা, উন্নয়ন ফি বাবদ ৬০০ টাকা এবং অনলাইন ও কম্পিউটার-সংক্রান্ত কাজের অজুহাতে ২০০ টাকাসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। ফলে নির্ধারিত ফির চেয়ে কয়েক হাজার টাকা বেশি গুনতে হচ্ছে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের।
নাম প্রকাশ না করার শর্তে ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যেখানে ফরম পূরণের ফি নির্ধারণ করে দিয়েছে, সেখানে স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে। টাকা না দিলে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বাধ্য হয়ে ধারদেনা করে টাকা দিতে হচ্ছে। প্রতিবাদ করলে সন্তানের ফলাফল বা ব্যবহারিক পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়ার আশঙ্কা থাকে। এ কারণে একপ্রকার বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিতে হচ্ছে আমাদের।
এ বিষয়ে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলেখা বেগম বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সভা করে এই টাকা নির্ধারণ করে দিয়েছেন। আমরা এর বাইরে কোনো অতিরিক্ত টাকা নিচ্ছি না। তবে কেউ টাকা কমানোর জন্য এলে তাঁদের ক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়।
কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা একদিন আমাকে ফোন করে জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের একটি সভায় ফরম পূরণের জন্য এই টাকা নির্ধারণ করা হয়েছে। তখন আমি তাঁকে বলেছিলাম, যাই নির্ধারণ করা হোক না কেন, সরকারিভাবে যে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে শুধু সেই টাকাই নেওয়া উচিত। পরবর্তীতে কি হয়েছে আমার আর জানা ছিলো না। এত টাকা নেয়া হচ্ছে এটা আমি আপনাদের মাধ্যমেই জানলাম।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের দাবি, অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনা রয়েছে। তবে এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বক্তব্যে ভিন্ন চিত্র পাওয়া গেছে।
ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, আমি যতদূর জানি, বোর্ডের নির্ধারিত ফি নেওয়ার কথা। বিগত দিনেও তাঁরা ৫ হাজার টাকা করে নিয়েছিলেন। বিষয়টি জানতে চাইলে তাঁরা জানিয়েছিলেন, অতিরিক্ত তিন মাস ক্লাস করানো হয়। এ সময় শিক্ষকরা ক্লাস করাতে চান না। তাই তাঁদের বেতনের জন্য কিছু অতিরিক্ত টাকা নেওয়া হয়। সরকারি নির্ধারিত ফির পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি নিয়ে থাকে। আর সরকারি বিদ্যালয়ে তিন মাসের জন্য টাকা নেওয়া হচ্ছে, বিষয়টি সবাই অবগত।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, নির্ধারিত ফির বাইরে কোনো অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। অতিরিক্ত ক্লাস করতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকেই কেবল নির্ধারিত ফির বাইরে টাকা নেওয়া যাবে। যারা অতিরিক্ত ক্লাস করবে না, তাদের কাছ থেকে কোনো অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। এমন অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ অবস্থায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং ইতোমধ্যে আদায় করা বাড়তি টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
পড়ুন : চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা


